প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

যশোরে ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

যশোরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখা। শনিবার সকাল সাড়ে ১০টায় মণিরামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মণিরামপুর দক্ষিণ সাংগঠনিক শাখার সভাপতি মো. ইমন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূর্ব শাখার সেক্রেটারি মো. আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে এম মিনারুল ইসলাম বলেন, “দুনিয়ার পরীক্ষায় সফলতা অর্জনই চূড়ান্ত সফলতা নয়; বরং আখেরাতে সফল হওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক আমানউল্লাহ সাদিক, প্রচার ও মিডিয়া সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ এবং স্কুল সম্পাদক সাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন