প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১১:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
যশোর প্রতিনিধি:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. হেদায়েত সিকদার (৪৬)। তিনি যশোর শহরের কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁ পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. সাহেব আলী সিকদার এবং মাতা মোছা. লাইলি আক্তার। তিনি বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত যশোর কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁ পাড়া এলাকায় হেদায়েত সিকদারের নিজ বসতঘর এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকায় অবস্থিত ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে হেদায়েত সিকদারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন