প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৫ এ এম
অনলাইন সংস্করণ
আমাদের সকাল ডেস্ক:
যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘সোনালি যুগ’ শুরু হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ক্যাপিটল হিল-এ মার্কিন কংগ্রেস-এ দেওয়া বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ-এ এসব কথা বলেন ট্রাম্প। এ খবর জানিয়েছে আল-জাজিরা।
ভাষণের শুরুতেই নির্বাচনের আগে দেশজুড়ে প্রচারণা সফরে দেওয়া বার্তার পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের জাতি ফিরে এসেছে- আগের চেয়ে আরও বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে।’ নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ‘সোনালি যুগ’ শুরু হয়েছে।
এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি তার প্রেসিডেন্সিকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেন।
ভাষণে ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ফিরে আসার সময় তিনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তবে দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই দেশ অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘মাত্র এক বছরে আমরা এমন পরিবর্তন এনেছি, যা আগে কখনও দেখা যায়নি—এটি ইতিহাস বদলে দেওয়া পরিবর্তন।’
ট্রাম্প তার বক্তব্যে অভিবাসন নীতি, অর্থনীতি ও অপরাধ পরিস্থিতিকে অগ্রাধিকার দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত এখন নিরাপদ, মূল্যস্ফীতি কমছে এবং মানুষের আয় বাড়ছে। অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।
সীমান্ত বন্ধের বিষয়ে জোর দিয়ে ট্রাম্প আশ্রয়প্রার্থীদের প্রবেশ সীমিত করার নীতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ‘বৈধ অভিবাসন’ রক্ষার প্রতিশ্রুতি দেন। অপরাধ পরিস্থিতি নিয়েও ইতিবাচক চিত্র তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশজুড়ে অপরাধের হার কমে গেছে।
মন্তব্য করুন