প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে অসহায়দের মাঝে অটো-রিকশা বিতরণ

রাজধানীতে অসহায় ও বেকার মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অটো-রিকশা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির নেতারা।
মঙ্গলবার সকালে রাজধানীর ৩৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও হাতিরঝিল থানা পূর্বের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন বরদাশত করা হবে না। শ্রমজীবীরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও তারা এখনো অবহেলিত ও অধিকারবঞ্চিত বলে মন্তব্য করেন তিনি। অতীতের মতো ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী। এতে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, অফিস সম্পাদক আসগর হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার, বিরোধী দল ও মালিকপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতের রাজনীতি জনকল্যাণমুখী এবং মানুষের কষ্ট লাঘবই তাদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন