প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
অভয়নগর (যশোর) সংবাদদাতা :
উন্নয়নের ধারাকে আরও গতিশীল রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. গোলাম রসূল।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোলাম রসূল আরও বলেন, শিল্প, বাণিজ্য ও বন্দরনগরীর কারণে যশোরের অভয়নগর উপজেলা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এ অঞ্চলের ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে জন্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সরকার ও বিরোধীদলসহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার এবং কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন