প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ রুমি সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০০৪ সালে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৫ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ ইজারাদারের মাধ্যমে সেতুতে টোল আদায় করে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনে টোল প্লাজা ভেঙে দেওয়া হলে টোল আদায় বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, নির্মাণ ব্যয়ের কয়েকগুণ অর্থ ইতোমধ্যে আদায় হলেও পুনরায় টোল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ প্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমারখালীর সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, এনসিপির জেলা নেতা কেএমআর শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অবিলম্বে সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন